সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে এসে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ।
৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ১৮২ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছিল দলটি। শ্রীলঙ্কা তাদের দুই ইনিংসে যথাক্রমে ২৮০ ও ৪১৮ রান করে। আগের দিন যেভাবে কাণ্ডজ্ঞানহীন সব শট খেলেছেন টাইগার ব্যাটাররা, ম্যাচের ভাগ্য এক অর্থে তখন নির্ধারিত হয়ে গিয়েছিল। সেখানে এদিন শ্রীলঙ্কার অপেক্ষাটাই কেবল বাড়িয়েছেন মুমিনুল হক।
ধৈর্য ধরে খেললে যে ভালো কিছু হতে পারতো এদিন তা সতীর্থদের আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছেন মুমিনুল। ধারার বিপরীতে এক প্রান্তে মাটি কামড়ে থেকে খেলেছেন হার না মানা ৮৭ রানের ইনিংস। ১৪৮ বলের ইনিংসটি ১২টি চার ও ১টি ছক্কায় সাজান তিনি। এর আগে সিলেটের এই মাঠে লঙ্কানদের হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছে কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
স্কোর : শ্রীলঙ্কা: ২৮০ ও ৪১৮; বাংলাদেশ: ১৮৮ ও ১৮২। শ্রীলঙ্কা ৩২৮ রানে জয়ী।
