বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল। ১৩৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১২৮টি ভোট। তার মধ্যে ১২৩ ভোট পেয়েছেন তাবিথ আউয়াল। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। আধঘণ্টার ভেতরেই সভাপতি পদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। গত মাসে কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, প্রায় ১৬ বছর পর বাফুফে প্রধানের চেয়ারে বসবেন নতুন প্রধান।
২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন তাবিথ। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ। চার বছর পর এবার সর্বোচ্চ পদে বসবেন তিনি।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৩ জন। তবে ভোটের দিন আসেন ১২৮ জন। আরও ১৯টি পদে ভোট হয়েছে শনিবার। ভোটের লড়াইয়ের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে চূড়ান্ত হয়ে গেছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।
