দ্বিতীয় ইনিংসে প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন লিটন দাস
তৃতীয় দিনের শুরু থেকেই সিলেট টেস্টের উইকেট রীতিমতো ব্যাটিং–স্বর্গ। পুরোনো বলে তো না–ই, নতুন বলেও বাংলাদেশ দলের বোলাররা বিশেষ কিছু করতে পারেননি।
এই সুযোগে প্রথম ইনিংসে শতক করা দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস তিন অঙ্কের ইনিংস খেললেন দ্বিতীয় ইনিংসেও। আর তাতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
কিন্তু সেই একই কন্ডিশনে, একই উইকেটে আজ শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আরও একবার বাজেভাবে ব্যর্থ হলেন। প্রথম ইনিংসে ৫৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৭ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ৪৭ রানে। দিন শেষ হওয়ার আগে মুমিনুল হক ৭ এবং তাইজুল ইসলাম খেলছিলেন ৬ রানে অপরাজিত থেকে।
টেস্টের এখনো দুই দিন বাকি। ম্যাচ জিততে বাকি ৫ উইকেটে বাংলাদেশকে করতে হবে ৪৬৩ রান। এমন সমীকরণ সামনে রেখে এটা বলেই দেওয়া যায় যে সিলেট টেস্টে এখন নিশ্চিত হারের দিকেই যাচ্ছে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৮০ ও ১১০.৪ ওভারে ৪১৮ (মাদুস্কা ১০, করুনারত্নে ৫২, কুশল ৩, ম্যাথুস ২২, চান্ডিমাল ০, ধনাঞ্জয়া ১০৮, বিশ্ব ৪, কামিন্দু ১৬৪, জয়াসুরিয়া ২৫, কুমারা ০, রাজিতা ৪; শরীফুল ১/৭৫, খালেদ ১/৪৬, রানা ২/১২৮, তাইজুল ২/৭৫, মিরাজ ৪/৭৪, নাজমুল ০/৫)
বাংলাদেশ: ১৮৮ ও ১৩ ওভারে ৪৭/৫ (মাহমুদুল ০, জাকির ১৯, নাজমুল ৬, মুমিনুল ৭*, শাহাদাত ০, লিটন ০, তাইজুল ৬*; বিশ্ব ৩/১৩, রাজিতা ১/১৯, কুমারা ১/৬)।
* (তৃতীয় দিন শেষে)
