Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের দাবি, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ-৪ আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দিয়েছে।

ওই সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করে ওই আসনে জয় পাওয়া কঠিন হতে পারে। ট্রাক প্রতীক নিয়ে ভোটে নামলে নানা অনিশ্চয়তা তৈরি হতে পারে—এমন মূল্যায়ন থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ খান। এ কারণেই তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন।

সূত্র আরও জানায়, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা যেসব শরিক দল আসন পেয়েছে, তাঁদের অনেককেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় রাশেদ খানও বিএনপির প্রতীকে নির্বাচন করতে সম্মত হয়েছেন।

রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়ার পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন, তা নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির সংশ্লিষ্ট নেতারা।

এদিকে বিএনপি সমঝোতার ভিত্তিতে শরিক দলগুলোর জন্য মোট ২৮টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০টি আসনে শরিক দলের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি ঝিনাইদহ-৪ আসন গণ অধিকার পরিষদের রাশেদ খানের জন্য ছেড়ে দেওয়ার কথা জানান।

তবে এই ঘোষণার পর ঝিনাইদহ-৪ আসনে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁরা রাশেদ খানকে ওই আসন থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। স্থানীয় নেতাদের একটি অংশ সাইফুল ইসলাম অথবা মুর্শিদা জামানের মধ্যে কাউকে দলীয় প্রার্থী করার দাবিও তুলেছেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন