৫ বছর পর ফিরছে ফোক ফেস্ট, জানা গেল তারিখ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪১ এএম
ফাইল ছবি
২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’। তিন দিনব্যাপী এই লোকসংগীত উৎসবে সুর-তালের মোহনায় ডুব দিতেন শ্রোতারা। তবে করোনা মহামারির (২০২০) পর থেকেই বন্ধ রয়েছে এই আয়োজন। সম্প্রতি শোনা যাচ্ছিল যে, চার বছরের বিরতি ভেঙে আবারও মঞ্চে ফিরতে চলেছে ফোকফেস্ট। অবশেষে এল সেই ঘোষণা।
আজ রোববার আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট।
সান কমিউনিকেশনস’র পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন সমকালকে বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোকফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি, জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোকফেস্টের ৬ষ্ঠ আসর। এবারের আসরে কোন কোন শিল্পী অংশ নেবেন সেটা এখই বলা হচ্ছে না। শিল্পীদের বিষয়টি চূড়ান্ত হলে বিষয়টি অনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
বাংলা লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে উৎসবটি।
