তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী পার্নো মিত্র
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
অভিনেত্রী পার্নো মিত্র
ভারতের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। বিরোধী শিবির ছেড়ে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এক শীর্ষ নেতা পার্নো মিত্রের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ঠিক নির্বাচনের আগে কেন তিনি এ সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। তবে টলিউড ইন্ডাস্ট্রির একাংশ পার্নোর এই রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচক বলেই দেখছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বিরোধী শিবির এখনো সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে পারেনি। সেই বাস্তবতাকেই সামনে রেখে পার্নো মিত্র এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পার্নো মিত্রের অভিনয়জীবন শুরু হয় ২০০৭ সালে। রবি ওঝা পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’–এর মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর। পরে অঞ্জন দত্ত পরিচালিত ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, *‘অঙ্ক কী কঠিন’*সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের জায়গা পোক্ত করেন পার্নো।
রাজনীতিতে তাঁর প্রবেশ ২০১৯ সালে, বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি।
সম্প্রতি দোলযাত্রা উপলক্ষে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে ‘নৌকাবিহার’ অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় পার্নো মিত্রকে। সেই সময়ের ছবি রাজনীতি ও টলিউড—উভয় মহলেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে বিরোধী শিবিরের প্রবীণ নেতা তথাগত রায় কটাক্ষ করতেও ছাড়েননি।
সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আগে পার্নো মিত্রের তৃণমূল কংগ্রেসে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
