Logo
Logo
×

সারাদেশ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটির একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় জাহাজটিতে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “জাহাজটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নির্বাপণের কাজ এখনও চলমান রয়েছে।”

বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, নদীতে থাকা অন্যান্য নৌযান ও স্থাপনাগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে আগুন ছড়িয়ে না পড়ে।

এদিকে, সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনার পর নুনিয়াছড়া ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণে রাখে। এ ঘটনায় পর্যটন মৌসুমে নৌ-নিরাপত্তা ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন