Logo
Logo
×

বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী অনুষ্ঠান এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতির শপথ গ্রহণ হয়। এর মধ্য দিয়ে এক বছরের দায়িত্ব শুরু করলেন ড. খলিলুর।

গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। জাতিসংঘের সদরদপ্তরে গত ২ জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. খলিলুর পান ৯৯ ভোট। অন্যদিকে একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট।

৮১তম অধিবেশনের সভাপতির আনুষ্ঠানিক শপথ গ্রহণের আগে ড. খলিলুর রহমান এক ব্রিফিংয়ে অংশ নেন। সেখানে তিনি সভাপতি হিসেবে আগামী অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

চলতি মাসের শেষ দিকে বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বিশ্বনেতাদের সমবেত হওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও থাকবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের বিশ্বনেতারা বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নতুন গতি আনা এবং একটি সুস্থ পৃথিবীতে শান্তি, মর্যাদা ও সমতার জন্য সম্মিলিত পদক্ষেপ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করবেন।

ড. খলিলুর ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’ প্রতিপাদ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

শপথ গ্রহণের পর আজ বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতিত্ব করবেন ড. খলিলুর। এর আগে গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাঁর সঙ্গে বৈঠক করেন।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী এবারের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত ছিল।

জাতিসংঘের সদরদপ্তর জানিয়েছে, ৮১তম অধিবেশনেও বিশ্বনেতারা বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করা এবং একটি সুস্থ পৃথিবীতে শান্তি, মর্যাদা ও সমতার জন্য সম্মিলিত পদক্ষেপ এগিয়ে নিতে একত্রিত হবেন। এবারের অধিবেশনে কার্যকর উদ্যোগ ও সমাধান তুলে ধরার জন্য দুটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও থাকবে। এর একটি হলো ‘এসডিজি মিডিয়া জোন’। জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগ আয়োজিত এই প্ল্যাটফর্মে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন সমাধান নিয়ে সাক্ষাৎকার ও প্যানেল আলোচনা হবে।

অন্যটি হলো ‘গোলস লাউঞ্জ’। জাতিসংঘের উপমহাসচিবের উদ্যোগে এবং জাতিসংঘের অংশীদারিত্ব কার্যালয়ের আয়োজনে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা, গভীর পর্যালোচনা এবং অংশগ্রহণমূলক নানা কার্যক্রম থাকবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন