নির্বাচনে আলোচিত প্রার্থীদের কে কোথায় ভোট দেবেন
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
আর মাত্র একদিন পরই ত্রয়োদশ জাতীয় নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতি আর জল্পনা–কল্পনার ভিড়ে এবার ভোটারদের আগ্রহের আরেকটি দিক সামনে এসেছে—আলোচিত প্রার্থীরা নিজ নিজ ভোট কোথায় ও কখন দেবেন?
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। তিনি এবারের নির্বাচনে ঢাকা-১৭ ও পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি রাজধানীর মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। জামায়াতের জোটসঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটাধিকার প্রয়োগ করবেন বাড্ডার বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
ঢাকা-১৩ আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থাপিত কেন্দ্রে নিজের ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁর ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের অবস্থান, কৌশল ও ভোটকেন্দ্র ঘিরে জনমনে বাড়ছে আগ্রহ—এখন দেখার পালা, ব্যালটের রায়ে কার ভাগ্যে জোটে বিজয়ের মুকুট।
