Logo
Logo
×

বাংলাদেশ

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। সকাল সাড়ে ১১টার কিছু আগে তিনি কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশের কবরস্থানে পৌঁছান।

তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে মোনাজাতে অংশ নেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দেন ও মোনাজাত করেন।

মোনাজাত পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দলীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। রাস্তার দু’পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে।

আগের দুই দিনের মতো সাজানো বাস ব্যবহার না করে এদিন তারেক রহমান সাদা রঙের একটি ফুলসজ্জিত গাড়িতে কবর জিয়ারতে যান।

এদিকে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানে আহত কেউ না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কবর জিয়ারত শেষে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন